চট্টগ্রাম নগরের চকবাজার থানার চন্দনপুরা এক্সেস রোড এলাকায় অবস্থিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডটনেট (ডিডিএন)-এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির দাবি, ঘটনার দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি নিজেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের অনুসারী ‘ডেভিড ইমন’ পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনের কাছে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সংক্রান্ত প্রায় ৬ মিনিট ৪০ সেকেন্ডের একটি অডিও তাদের কাছে রয়েছে।
প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুন জানান, ফোনে ওই ব্যক্তি দাবি করেন, চাঁদা না দিলে প্রতিষ্ঠানটির ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। তিনি নিজেকে পরিচিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে বিভিন্ন ধরনের হুমকিও দেন।
প্রতিষ্ঠানটির কার্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৫ থেকে ৩০ জনের একটি মুখোশধারী দল দেশীয় অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে। হামলাকারীরা অফিসের কম্পিউটার, বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র ভাঙচুর করে এবং কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখায়।
ডিডিএনের হেড অব সেলস মো. রবিউল হোসাইন রাকিব দাবি করেন, চাঁদার দাবি পূরণ না করায় হামলাকারীরা অফিসে ব্যাপক তাণ্ডব চালায়। তার ভাষ্য অনুযায়ী, হামলার সময় অফিসে থাকা প্রায় ৩৫ লাখ টাকা নগদ নিয়ে যাওয়া হয়। এছাড়া মূল্যবান যন্ত্রপাতি নষ্ট করা এবং কর্মীদের মারধরের ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার পর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডিসি হাবিবুর রহমান বলেন, প্রতিষ্ঠানে হামলার ঘটনা এবং ফোনে চাঁদা দাবির অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চাঁদা দাবির অডিও ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এগুলো বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
কসমিক ডেস্ক