সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের আত্মসমর্পণের অধিকার রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেফতার করতে পারে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, একজন ব্যক্তি দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণের অধিকার রাখেন। তবে দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই তিনি বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় চলে আসবেন এবং তখন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেখ হাসিনার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেশে ফেরার সম্ভাব্য ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ-সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবে তিনি কীভাবে দেশে ফিরবেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়। বাংলাদেশের এখতিয়ারের মধ্যে প্রবেশ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আইন যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ করা হবে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, সংসদের পরবর্তী অধিবেশন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এ মুহূর্তে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজনীয়তা সরকার দেখছে না। তবে প্রয়োজন দেখা দিলে বিশেষ অধিবেশন ডাকার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কসমিক ডেস্ক