বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলিয়াগাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার তেতুলিয়াগাড়ি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুস ছালাম (৩০), একই এলাকার আব্দুস ছাত্তারের ছেলে আবু বক্কর (২৮) এবং শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের রুপিহার গ্রামের আবু মুসার ছেলে পারভেজ (২৫)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে নেতৃত্ব দেন মেজর মেহেদী হাসান, ক্যাপ্টেন জিসান ও লেফটেন্যান্ট ফাতিন। অভিযানের শুরুতে সন্দেহভাজন হিসেবে আব্দুস ছালামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন।
পরে তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি চায়নিজ পিস্তল, পাঁচটি তাজা গুলি এবং ৩৫টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও দুজনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লেফটেন্যান্ট ফাতিন জানান, উদ্ধার করা অস্ত্র ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কসমিক ডেস্ক