সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে মোট ১৭৭ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা ২ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩১ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টেনোগ্রাফার/স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর পদে ৬ জন, ইমাম পদে ৩ জন, স্টেনোটাইপিস্ট/স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর পদে ৬ জন, নকশাকার পদে ৩৬ জন, ডি টি অ্যাটেনডেন্ট পদে ৩ জন এবং অফিস সহায়ক (এমএলএসএস) পদে ১২৩ জন নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতার দিক থেকে বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। স্টেনোগ্রাফার ও স্টেনোটাইপিস্ট পদের জন্য স্নাতক ডিগ্রির পাশাপাশি কম্পিউটার, টাইপিং ও সাঁটলিপিতে নির্ধারিত দক্ষতা থাকতে হবে। ইমাম পদে কামিল, দাওরায়ে হাদিস বা ইসলামিক বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
অন্যদিকে, নকশাকার পদে আবেদন করতে এসএসসি বা সমমান পাসের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং সনদ প্রয়োজন। ডি টি অ্যাটেনডেন্ট পদে এসএসসি পাসের সঙ্গে টিটিসি বা স্বীকৃত ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্স সম্পন্ন হতে হবে। সবচেয়ে বেশি সংখ্যক অফিস সহায়ক (এমএলএসএস) পদে আবেদন করতে কেবল এসএসসি বা সমমান পাস হলেই হবে।
বেতন কাঠামো ১৩ থেকে ২০তম গ্রেড অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। স্টেনোগ্রাফার পদে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, ইমাম ও স্টেনোটাইপিস্ট পদে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, নকশাকার ও ডি টি অ্যাটেনডেন্ট পদে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা এবং অফিস সহায়ক পদে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ১ থেকে ৫ নম্বর পদের আবেদন ফি সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে প্রয়োজনীয় যোগ্যতা ও নির্দেশনা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
কসমিক ডেস্ক