যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের ৮ সেনা নিহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের ৮ সেনা নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের ৮ সেনা নিহত ছবির ক্যাপশন:

দক্ষিণ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিমান ও নৌবাহিনীর আট সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বুধবার (৮ জুলাই) ভোরে বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় ইরানের বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট আট সদস্য নিহত হন। হামলার লক্ষ্যবস্তু ছিল দক্ষিণাঞ্চলের সামরিক স্থাপনা। তবে হামলার ফলে আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলেন। এর পরপরই হামলার ঘটনা ঘটায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হামলার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘দুঃসাহসিকতা’ আখ্যা দিয়ে বলেন, এর উপযুক্ত জবাব দেওয়া হবে এবং উপসাগরীয় অঞ্চলে নতুন করে অস্থিরতা সৃষ্টির দায় ওয়াশিংটনের।

বেলায়েতি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পরিবেশ নষ্ট করে প্রেসিডেন্ট ট্রাম্প অঞ্চলটিকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। তিনি বলেন, ইরান আগেই সতর্ক করেছিল যে মধ্যপ্রাচ্য কোনো রাজনৈতিক জুয়া খেলার ক্ষেত্র নয় এবং দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের দ্রুত ও যথাযথ জবাব দেওয়া হবে।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মোহাম্মদপুরে হাঁটার সময় ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক

মোহাম্মদপুরে হাঁটার সময় ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক