ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধে ‘নিজের তৈরি ফাঁদে’ আটকা পড়েছেন বলে মন্তব্য করেছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় দফার যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সামরিক ও গণমাধ্যমভিত্তিক বিভিন্ন প্রচেষ্টা চালালেও তারা নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি। সংগঠনটির দাবি, বিশ্ব গণমাধ্যমেও এখন ওয়াশিংটনের ব্যর্থতা এবং ট্রাম্পের ‘পরাজয়’ নিয়ে আলোচনা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানকে কেন্দ্র করে সংঘাত যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত অচলাবস্থা’ এবং পশ্চিমা মিত্রদের মধ্যে বিভাজনকে সামনে এনেছে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের আধিপত্য দুর্বল হওয়ার একটি নতুন দিকও প্রকাশ করেছে বলে দাবি করেছে আইআরজিসি।
যুদ্ধবিরতি নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেছে ইরানের এই সামরিক সংগঠন। তাদের দাবি, যুদ্ধবিরতি চুক্তি বাস্তব পরিস্থিতি এবং ইরানের আলোচনার সক্ষমতার কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের দলিল। অর্থাৎ, সামরিক ও রাজনৈতিক চাপ প্রয়োগের পরও ওয়াশিংটন ইরানের ওপর কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি বলে বিবৃতিতে ইঙ্গিত করা হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক তৎপরতা সত্ত্বেও ইরান নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, সংঘাতের সামগ্রিক ফলাফল ওয়াশিংটনের কৌশলগত অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
তবে এসব বক্তব্য আইআরজির নিজস্ব দাবি। বিবৃতিতে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ব্যর্থতা, ট্রাম্পের ‘পরাজয়’ এবং যুদ্ধবিরতিকে আত্মসমর্পণের দলিল হিসেবে বর্ণনা করার বিষয়গুলো সংগঠনটির অবস্থান হিসেবেই এসেছে।
কসমিক ডেস্ক