যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক এড়াতে শেষ মুহূর্তের কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতা চালাচ্ছে কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কানাডার হাতে এখন মাত্র অল্প সময় রয়েছে। আগামী ১৯ আগস্টের মধ্যে সমঝোতা না হলে কানাডার বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হতে পারে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অত্যন্ত জটিল ও সংবেদনশীল পর্যায়ে রয়েছে। এ কারণে আলোচনা নিয়ে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন তিনি। শেষ মুহূর্তে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে একটি ন্যায্য বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালানো হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শুল্ক কার্যকরের আগে চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কানাডার আলোচকরা প্রায় এক সপ্তাহ ধরে ওয়াশিংটনে অবস্থান করছেন। কানাডীয় কর্মকর্তাদের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের একাধিক বৈঠক হলেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
কানাডার বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্কও জানিয়েছেন, আলোচনার কাজ এখনো শেষ হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না, সেটিই এখন দুই দেশের বাণিজ্য আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে কানাডার গুরুত্বপূর্ণ কিছু রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি ব্যয়ের মুখে পড়বে। এতে দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কেও চাপ বাড়তে পারে।
অন্যদিকে, চুক্তি না হলে কানাডাও পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্নি। ফলে আগামী ১৯ আগস্টের সময়সীমাকে সামনে রেখে ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে শেষ মুহূর্তের আলোচনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কসমিক ডেস্ক