ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউব ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে। একই নিয়ম সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ইউটিউবের অফিসিয়াল ব্লগ পোস্টে এ পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।
বর্তমান ব্যবস্থায় একটি ভিডিও নির্দিষ্ট সময় দেখার পর ভিউ হিসেবে গণনা করা হতো। নতুন নিয়মে সেই অপেক্ষার প্রয়োজন থাকছে না। ফলে ভিডিও প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই নির্মাতাদের ভিউ সংখ্যা দ্রুত বাড়তে পারে। তবে শুধু মোট ভিউয়ের সংখ্যা দিয়ে কোনো ভিডিওর প্রকৃত জনপ্রিয়তা বা দর্শকের আগ্রহ পরিমাপ করা আগের তুলনায় কম নির্ভরযোগ্য হতে পারে।
ইউটিউব জানিয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় নির্মাতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। তাই দর্শকের প্রতিক্রিয়া পরিমাপের ক্ষেত্রে আরও সামঞ্জস্যপূর্ণ একটি মেট্রিক চালুর লক্ষ্যেই পরিবর্তনটি আনা হচ্ছে।
তবে আগের ভিউ পরিমাপ পদ্ধতি পুরোপুরি বাতিল হচ্ছে না। নির্মাতারা ইউটিউব অ্যানালিটিকসে ‘এনগেজড ভিউস’ দেখতে পারবেন। এর মাধ্যমে কোনো ভিডিও কতবার চালু হয়েছে এবং কতবার দর্শক নির্দিষ্ট সময় ধরে দেখেছেন—দুটি তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে।
নতুন নিয়মের কারণে নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতা অর্জনের নিয়মে কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে ইউটিউব শর্টসের ক্ষেত্রেও ভিডিও চালুর সঙ্গে সঙ্গে ভিউ গণনার পদ্ধতি চালু করেছিল।
এদিকে নতুন নির্মাতাদের আয়ের ক্ষেত্রে শর্ত আরও কঠোর করার ঘোষণাও দিয়েছে ইউটিউব। ২০২৭ সাল থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে চাইলে নির্মাতাদের আগের তুলনায় বেশি ওয়াচ আওয়ার ও শর্টস ভিউ অর্জন করতে হবে।
কসমিক ডেস্ক