কলকাতার নিউমার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তায় সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে প্রয়োজনীয় সহায়তার জন্য নির্ধারিত নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।
উপ-হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে আহত ও নিহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে জরুরি পরিষেবা এবং বাংলাদেশে অবস্থানরত তাদের পরিবারের সদস্যদের যোগাযোগের সুবিধার্থে এই হেল্পলাইন চালু করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের স্বজনরা এসব নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিতে পারবেন।
জরুরি যোগাযোগের জন্য উপ-হাইকমিশন যে নম্বরগুলো দিয়েছে, সেগুলো হলো—মোবাইল +৯১ ৮২৭৪৮২১৩৫২, হোয়াটসঅ্যাপ +৮৮০১৭১৭২৯১২৬৬ এবং +৯১৯৯০৩৪২৬১১৯।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব নম্বরে যোগাযোগ করলে উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দ কথা বলবেন।
এর আগে কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য সামনে আসে। আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করার তথ্য জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনাক্ত হওয়া নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কলকাতা উপ-হাইকমিশন সমন্বয় করছে।
এ পরিস্থিতিতে কলকাতায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে থাকা স্বজনদের জরুরি প্রয়োজনে উপ-হাইকমিশনের নির্ধারিত নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
কসমিক ডেস্ক