গুগলে চাকরির আবেদনকারীদের জন্য নতুন সতর্কবার্তা এসেছে। গুগল ডিপমাইন্ডের একটি এআই দল জানিয়েছে, স্বয়ংক্রিয় নিয়োগব্যবস্থার সম্ভাব্য ত্রুটির কারণে যোগ্য প্রার্থীর সিভিও ভুলবশত বাদ পড়ে যেতে পারে অথবা সংশ্লিষ্ট নিয়োগদলের কাছে পৌঁছাতে দেরি হতে পারে।
ব্লুমবার্গের তথ্যের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এ কারণে গুগল ডিপমাইন্ডের এজিআই সেফটি অ্যান্ড অ্যালাইনমেন্ট টিম আবেদনকারীদের একটি অতিরিক্ত ফর্ম পূরণের পরামর্শ দিচ্ছে। এই ফর্মের মাধ্যমে আবেদনটি শুধু এআই নয়, সংশ্লিষ্ট দলের একজন সদস্যও সরাসরি পর্যালোচনা করতে পারবেন।
তবে গুগল ডিপমাইন্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এআই ভুলভাবে আবেদন বাতিল করছে—এমন অভিযোগ সঠিক নয়। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত ফর্মের উদ্দেশ্য হলো আবেদন দ্রুত সংশ্লিষ্ট টিমের কাছে পৌঁছে দেওয়া; এতে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয় না।
বর্তমানে চাকরির বিজ্ঞাপন তৈরি, সিভি বিশ্লেষণ এবং প্রার্থী বাছাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কিছু এআইভিত্তিক নিয়োগব্যবস্থা প্রার্থীর বাস্তব দক্ষতার চেয়ে সিভিতে থাকা নির্দিষ্ট কীওয়ার্ডকে বেশি গুরুত্ব দেয়। এ কারণে দক্ষ প্রার্থীদের বাদ পড়ার ঝুঁকি যেমন রয়েছে, তেমনি অনেক আবেদনকারীও এআই ব্যবহার করে সিভিকে স্বয়ংক্রিয় ফিল্টারের উপযোগী করে তুলছেন।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এআইনির্ভর নিয়োগ সফটওয়্যারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে মামলাও হয়েছে। ফলে চাকরি নিয়োগে এআইয়ের নির্ভুলতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কসমিক ডেস্ক