সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪ ছবির ক্যাপশন:

হবিগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে দেশে আনা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় মদ ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বুধবার গভীর রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে তল্লাশি চৌকি স্থাপন করে। রাত আনুমানিক ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক সেখানে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যান।

পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি চালানো হয়। এ সময় ড্যাশবোর্ড থেকে তামাবিল ল্যান্ড কাস্টমস স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তার স্বাক্ষরযুক্ত বিল অব এন্ট্রি ও এক্সপোর্ট সংক্রান্ত কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে যাচাই করে জানা যায়, উদ্ধার হওয়া নথিগুলো সম্পূর্ণ জাল। ফটোকপি ও কম্পিউটারের মাধ্যমে তৈরি এসব নথিতে কর্মকর্তার স্বাক্ষর স্ক্যান করে ব্যবহার করা হয়েছিল।

এরপর ট্রাকের ভেতর তল্লাশি চালিয়ে ২০০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা জিরা এবং ট্রাকের সম্মিলিত আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

এদিকে একই দিনে চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোবরখোলা এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় মদ জব্দ করে।

একই বিওপির আরেকটি অভিযানে টেকেরঘাট এলাকায় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ৫ পিস ইয়াবা এবং ১ লিটার ভারতীয় মদসহ চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কেলো মিয়া (৪৫), শামীম মিয়া (৩০), বেলাল মিয়া (৩০) ও নুর ইসলাম (৪০)। তাদের সবার বাড়ি চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা ভারতীয় মদ হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে, ভারতীয় জিরা ও ট্রাক হবিগঞ্জ কাস্টমস অফিসে এবং ইয়াবা ও মদসহ আটক চারজনকে চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের চোরাচালান, মাদক পাচার কিংবা জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকির কোনো সুযোগ দেওয়া হবে না। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং দেশের অর্থনীতি সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি সীমান্তবর্তী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডা. শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ