স্টারডমের চাপ থেকে বেরিয়ে নতুন ভাবনায় সামান্থা রুথ প্রভু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

স্টারডমের চাপ থেকে বেরিয়ে নতুন ভাবনায় সামান্থা রুথ প্রভু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
স্টারডমের চাপ থেকে বেরিয়ে নতুন ভাবনায় সামান্থা রুথ প্রভু ছবির ক্যাপশন:

দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সাফল্য, জনপ্রিয়তা এবং প্রতিযোগিতার দৌড়ে ছুটে চলার পর নতুন এক উপলব্ধির কথা জানিয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, যাকে তিনি একসময় জীবনের লক্ষ্য ভেবেছিলেন—সেই ‘সাফল্যের দৌড়’ আসলে একটি ভ্রম ছাড়া আর কিছুই নয়।

অসুস্থতার কারণে দীর্ঘ সময় কাজ থেকে বিরতি নেওয়ার পর তার জীবন ও ক্যারিয়ার নিয়ে দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায় বলে জানান এই অভিনেত্রী। সামান্থার মতে, আগে তিনি মনে করতেন জীবন একটি প্রতিযোগিতা, যেখানে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যেতে হয় এবং একটি নির্দিষ্ট ‘ফিনিশিং লাইন’ রয়েছে। কিন্তু বাস্তবে এমন কোনো দৌড় বা সীমারেখা নেই।

তিনি বলেন, “আমরা ভাবি একটা দৌড় চলছে, যেখানে কাউকে হারাতে হবে। কিন্তু বিরতির পর বুঝেছি, এগুলো সবই এক ধরনের ভ্রম। আসলে কোনো প্রতিযোগিতা নেই, কাউকে হারানোরও প্রয়োজন নেই।”

ছোট শহরের এক সাধারণ মেয়ে থেকে দক্ষিণ ভারতের অন্যতম বড় তারকা হয়ে ওঠা সামান্থার জন্য ছিল এক অবিশ্বাস্য যাত্রা। প্রেক্ষাগৃহে নিজের নাম ধরে দর্শকের উচ্ছ্বাস ও ভালোবাসা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এই অভিজ্ঞতা ধীরে ধীরে তাকে স্টারডমের জগতে আরও গভীরভাবে যুক্ত করে দেয়।

ক্যারিয়ারের এক পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি একের পর এক ছবিতে কাজ করতে থাকেন। এক বছরে তার পাঁচটি ছবি বক্স অফিসে বড় ধরনের সাফল্য অর্জন করলে তাকে ‘গোল্ডেন লেগ’ তকমা দেওয়া হয়। এই সাফল্য যেমন আনন্দ নিয়ে আসে, তেমনি তার ওপর তৈরি হয় অতিরিক্ত চাপও।

সামান্থা স্বীকার করেন, সেই সময় তিনি নিজের কাজের মূল্যায়ন করার সুযোগ খুব কমই পেয়েছিলেন। বক্স অফিস সাফল্যই হয়ে উঠেছিল প্রধান মাপকাঠি। কোন কাজ তাকে একজন শিল্পী হিসেবে এগিয়ে নিচ্ছে, আর কোনটি কেবল জনপ্রিয়তার জন্য—এই পার্থক্য তখন তার কাছে স্পষ্ট ছিল না।

তিনি আরও বলেন, এমন অনেক ছবিতে তিনি অভিনয় করেছেন, যেগুলো নিয়ে এখন তিনি গর্ববোধ করেন না। তবে তখন পরিস্থিতি ও সাফল্যের চাপ তাকে সেই পথে পরিচালিত করেছিল।

অসুস্থতার পর দীর্ঘ বিরতি তার জীবনে এক ধরনের আত্মবিশ্লেষণের সুযোগ এনে দেয়। সেই সময় তিনি নিজের ক্যারিয়ার, মানসিক চাপ এবং জীবনের লক্ষ্য নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, শুধুমাত্র সাফল্য বা জনপ্রিয়তার পেছনে ছোটা জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না।

বর্তমানে সামান্থার দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে। তিনি এখন মনে করেন, একজন শিল্পীর সবচেয়ে বড় অর্জন হলো নিজের কাজের প্রতি সন্তুষ্টি এবং আত্মতৃপ্তি। বাইরের স্বীকৃতি বা বক্স অফিসের সাফল্য নয়, বরং নিজের ভেতরের শান্তি ও সৃজনশীল সন্তুষ্টিই বেশি গুরুত্বপূর্ণ।

এই পরিবর্তিত মানসিকতা তাকে স্টারডমের চাপ থেকে কিছুটা মুক্তি দিয়েছে বলে মনে করেন তিনি। এখন তিনি আর কোনো কৃত্রিম প্রতিযোগিতার অংশ হতে চান না, নেই কোনো নির্দিষ্ট ‘ফিনিশিং লাইন’-এর চাপও।

সামান্থার এই উপলব্ধি বিনোদন জগতের বাস্তবতাকেও নতুনভাবে সামনে আনে, যেখানে সাফল্যের আলো যেমন উজ্জ্বল, তেমনি তার পেছনে লুকিয়ে থাকে প্রচণ্ড মানসিক চাপ ও প্রতিযোগিতা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ডুবে যাওয়া বাস: রাজবাড়ীতে তৃতীয় দিনও চলছে উদ্ধার অভিযান

ডুবে যাওয়া বাস: রাজবাড়ীতে তৃতীয় দিনও চলছে উদ্ধার অভিযান