লন্ডনে যাওয়ার আগে সংগঠন নিয়ে সহকর্মীদের যা বললেন ইলিয়াস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

লন্ডনে যাওয়ার আগে সংগঠন নিয়ে সহকর্মীদের যা বললেন ইলিয়াস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
লন্ডনে যাওয়ার আগে সংগঠন নিয়ে সহকর্মীদের যা বললেন ইলিয়াস ছবির ক্যাপশন:

জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরেছেন। বুধবার সকাল ১০টার দিকে তিনি ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

টানা ১৫ মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। স্বল্প সময়ের এই সফরে তিনি পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটান। তাঁর ছেলে জয় জানিয়েছেন, বর্তমানে আগের তুলনায় বাবার শারীরিক অবস্থা ভালো।

ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা প্রসঙ্গে জয় জানান, তাঁর বাবাকে আর কেমোথেরাপি নিতে হবে না। চিকিৎসার পরবর্তী ধাপে ইমিউনোথেরাপি নেওয়ার কথা রয়েছে। চিকিৎসকেরা তাঁর সুস্থতার বিষয়ে আশাবাদী বলেও জানান তিনি। একই সঙ্গে বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জয়।

লন্ডনে ফেরার আগের রাতে নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন ইলিয়াস কাঞ্চন। প্রায় পাঁচ ঘণ্টার সেই আলাপে নিজের শারীরিক সুস্থতার জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সংগঠনটির ভবিষ্যৎ নিয়েও সহকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি।

লিটন এরশাদ জানান, ইলিয়াস কাঞ্চন বারবার তাঁর জন্য দোয়া করতে এবং ‘নিরাপদ সড়ক চাই’-এর কার্যক্রম আরও এগিয়ে নিতে বলেছেন। সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নিসচাকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে আসছেন ইলিয়াস কাঞ্চন। ব্যক্তিগত শারীরিক অসুস্থতার মধ্যেও সংগঠনটির কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে তাঁর এই ভাবনা সহকর্মীদের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে।

এর আগে মঙ্গলবার নিজ জন্মস্থান কিশোরগঞ্জের করিমগঞ্জে যান ইলিয়াস কাঞ্চন। সেখানে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঐতিহাসিক পাগলা মসজিদে নামাজ আদায় করেন। মসজিদের উন্নয়নেও তিনি অনুদান দেন।

চিকিৎসার জন্য আবার লন্ডনে পাড়ি জমালেও দেশের মানুষের ভালোবাসা ও ‘নিরাপদ সড়ক চাই’-এর কার্যক্রমের প্রতি নিজের দায়বদ্ধতার কথা জানিয়ে গেছেন ইলিয়াস কাঞ্চন। তাঁর দ্রুত সুস্থতার জন্য শুভাকাঙ্ক্ষীরা দোয়া করছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দাম্পত্য জীবনে ঝগড়া লাগানো কেন ইসলামে বড় গুনাহ?

দাম্পত্য জীবনে ঝগড়া লাগানো কেন ইসলামে বড় গুনাহ?