জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি। বুধবার (১৭ জুন) সংসদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে স্পিকার বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বিভিন্ন খাতে জাপানের বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাপানকে বাংলাদেশের একটি পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে আখ্যায়িত করেন।
স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। তিনি এই স্বীকৃতির বিষয়টি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন।
এ সময় তিনি বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন। পাশাপাশি অবকাঠামো ও যোগাযোগ খাতে জাপানের চলমান বিনিয়োগ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ভিত্তি দুই দেশের জনগণের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সহানুভূতি। তিনি জানান, কৌশলগত অংশীদারিত্বের আওতায় বাংলাদেশে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জাপান সরকার।
তিনি আরও বলেন, বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকায় উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি পেয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সাক্ষাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব নিশি ইউকি উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক