নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ছবির ক্যাপশন:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাইদুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন তার স্ত্রী উম্মে জেবিন। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগপত্রে উম্মে জেবিন উল্লেখ করেন, চলতি বছরের ২৬ মার্চ তাদের বিয়ে হয়। বিয়ের আগে প্রতারণার চেষ্টা এবং পরবর্তী সময়ে পারিবারিক চাপে বিয়ে সম্পন্ন হয় বলে তিনি দাবি করেন। বিয়ের পর থেকে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তার অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত স্বামী নিয়মিত নেশা করেন এবং নেশার টাকার জন্য তাকে মারধর ও চাপ প্রয়োগ করেন। এছাড়া পরিবার থেকে টাকা আনার জন্যও তাকে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এমনকি ঘরে আটকে রেখে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত মাইদুল ইসলাম বাপ্পি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বিষয়টি পারিবারিক ভুল বোঝাবুঝির ফল এবং তাদের মধ্যে বর্তমানে কোনো সমস্যা নেই। তিনি বলেন, কিছু পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করছে।

এদিকে অভিযোগটি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ছাত্রদলের কিছু নেতাকর্মী বিষয়টিকে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যা হিসেবে উল্লেখ করে অভিযুক্ত নেতার পক্ষে অবস্থান নিয়েছেন।

তবে উম্মে জেবিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও ঘটনাটিকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা তিনি গ্রহণযোগ্য মনে করছেন না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, অভিযোগটি প্রাথমিকভাবে পেয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জানিয়েছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২২ বছর পর র‍্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের

২২ বছর পর র‍্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের