কুমিল্লার মুরাদনগরে নগদ অর্থসহ জামায়াত নেতা আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কুমিল্লার মুরাদনগরে নগদ অর্থসহ জামায়াত নেতা আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
কুমিল্লার মুরাদনগরে নগদ অর্থসহ জামায়াত নেতা আটক ছবির ক্যাপশন:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

আটক মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে ব্যক্তিগত একটি গাড়িতে করে ধামগড় এলাকা থেকে ছালিয়াকান্দিতে আসেন মাওলানা হাবীবুর রহমান হেলালী। এ সময় তার গতিবিধি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে তারা গাড়িতে তল্লাশি চালান। তল্লাশির সময় গাড়ির পেছনে রাখা একটি বাজারের ব্যাগ পাওয়া যায়।

ব্যাগটি খুলে দেখা যায়, উপরে একটি পাতলা কম্বল দিয়ে ঢেকে রাখা ১ হাজার টাকা নোটের দুটি বান্ডিল রয়েছে। মোট টাকার পরিমাণ ছিল ২ লাখ টাকা। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে। তবে টাকা বিতরণের সময় তাকে হাতেনাতে আটক করা হয়নি। এ কারণে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, তিনি ঘটনাটির খবর সদ্য শুনেছেন। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি মন্তব্য করেন।

ঘটনাটি স্থানীয় এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। নির্বাচনী এলাকায় নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহি ও গণতন্ত্র কার্যকর নয়: সংলাপে

নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহি ও গণতন্ত্র কার্যকর নয়: সংলাপে