নাগরিকসেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাগরিকসেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 9, 2026 ইং
নাগরিকসেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক ছবির ক্যাপশন: বাসাবোর বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে ডিএসসিসির আয়োজিত গণশুনানিতে নাগরিকদের অভিযোগ ও মতামত শুনছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নাগরিকসেবার মানোন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) একটি গণশুনানির আয়োজন করেছে। সোমবার (৮ জুন) বাসাবোর বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই গণশুনানিতে অঞ্চল-২ ও অঞ্চল-৫-এর আওতাভুক্ত বিভিন্ন এলাকার নাগরিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ হাবিব

গণশুনানিতে অঞ্চল-২-এর খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, কমলাপুর, শাহজাহানপুর ও মতিঝিল এবং অঞ্চল-৫-এর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, স্বামীবাগ, গোপীবাগ, নারিন্দা, দয়াগঞ্জ, টিকাটুলি, ধলপুর, মান্ডা, মুগদা ও বাসাবোর আংশিক এলাকার বাসিন্দারা অংশগ্রহণ করেন।

নাগরিকরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, মশার উপদ্রব, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স এবং অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত অভিযোগ ও পরামর্শ।

গণশুনানির প্রশ্নোত্তর পর্বে ডিএসসিসির বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নাগরিকদের প্রশ্নের উত্তর দেন এবং সমস্যা সমাধানে গৃহীত ও চলমান পদক্ষেপ সম্পর্কে ব্যাখ্যা দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব হলেও সফল বাস্তবায়নের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বর্জ্য অপসারণ, সড়কবাতি, মশক নিয়ন্ত্রণ এবং রাস্তা সংস্কারে প্রশাসন নিয়মিত কাজ করছে। তবে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সিটি করপোরেশন ও নাগরিকদের দায়িত্ব সমানভাবে ভাগ করে নিতে হবে। জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেবা প্রদানে অবহেলার বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে প্রশাসক বলেন, জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট সেবা, জন্মনিবন্ধন, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্ট্রিট লাইটের মতো মৌলিক সেবায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। প্রয়োজন হলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এমনকি চাকরিচ্যুতিও করা হতে পারে।

আসন্ন ডেঙ্গু ও চিকুনগুনিয়া মৌসুমের কথা উল্লেখ করে তিনি নাগরিকদের নিজ নিজ বাসা, আঙিনা, ফুলের টব ও পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। তাই উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি অর্থ ব্যয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার অধিকার জনগণের রয়েছে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সুশাসনের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, ঢাকা-৯ আসনে ইতোমধ্যে সড়ক উন্নয়ন, আরসিসি ঢালাই, ড্রেনেজ ও পাইপলাইন স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং আরও বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে।

উল্লেখ্য, ধানমণ্ডির পর বাসাবোতে এটি ছিল ডিএসসিসির দ্বিতীয় গণশুনানি। কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব অঞ্চলেই এ ধরনের গণশুনানির আয়োজন করা হবে, যাতে নাগরিকদের মতামত ও অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া যায়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভোট সুরক্ষায় ভোটারদের পাহারা দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

ভোট সুরক্ষায় ভোটারদের পাহারা দেওয়ার আহ্বান রুমিন ফারহানার