সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে চালু হয়েছে টিকিটবিহীন স্মার্ট পার্কিং সেবা। নতুন এই ডিজিটাল ব্যবস্থায় গাড়িচালকদের আর টিকিট সংগ্রহ বা পার্কিং মেশিন ব্যবহারের প্রয়োজন হবে না। এখন থেকে ‘দারব ওয়ালেট’ ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পার্কিং ফি পরিশোধ করা যাবে।
পৌরসভা ও পরিবহন বিভাগের সমন্বিত পরিবহন কেন্দ্র (ITC)-এর তত্ত্বাবধানে কিউ মোবিলিটি এই নতুন পেমেন্ট সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে। ৩ জুন থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থায় নগদ অর্থ বা কয়েন ব্যবহারেরও প্রয়োজন নেই, যা পার্কিং ব্যবস্থাকে আরও সহজ ও দ্রুত করেছে।
নতুন নিয়ম অনুযায়ী ব্যবহারকারীদের দারব ওয়ালেটে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হবে, যাতে পার্কিং ফি স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া যায়। পার্কিং ফি নির্ধারণ করা হয়েছে প্রতি ঘণ্টায় ২ দিরহাম এবং সর্বোচ্চ দৈনিক ১৫ দিরহাম।
এই সেবাটি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন এবং সারা বছর কার্যকর থাকবে। বর্তমানে এটি আবুধাবির বিভিন্ন সরকারি বহুতল পার্কিং ভবনে চালু হয়েছে। এর মধ্যে রয়েছে সেক্টর ইস্ট ০১-৩ এলাকায় ৩৯৪টি পার্কিং স্থানবিশিষ্ট পাবলিক পার্কিং বিল্ডিং নং-১ এবং ২৬৫টি স্থানবিশিষ্ট বিল্ডিং নং-৫।
এছাড়া মোহাম্মদ বিন জায়েদ সিটির বাণিজ্যিক এলাকাতেও এই স্মার্ট পার্কিং সেবা চালু করা হয়েছে, যেখানে মোট ১,৪৪৬টি পার্কিং স্থান অন্তর্ভুক্ত রয়েছে। ME9, ME10 এবং ME12 এলাকার গাড়িচালকরাও এই সুবিধার আওতায় রয়েছেন।
এই নতুন প্রযুক্তি চালুর ফলে চালকদের নগদ অর্থ বহন বা মেশিনে টিকিট কাটার ঝামেলা অনেকটাই কমে গেছে। কর্তৃপক্ষ বলছে, এটি স্মার্ট সিটি উন্নয়নের অংশ হিসেবে পরিবহন ব্যবস্থাকে আরও ডিজিটাল ও ব্যবহারবান্ধব করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কসমিক ডেস্ক