সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে ‘১৮১৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ খোদাই করা একটি ঐতিহাসিক সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। পিলারটি বিক্রির চেষ্টা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চারজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া পিলারটির গায়ে ‘১৮১৮ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা খোদাই করা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন— তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানা (৬০), খুলনার পাইকগাছা উপজেলার তুষার কান্তি সরদার (৩৫) ও সুশান্ত সরদার (৪২), এবং বটিয়াঘাটা উপজেলার যাদব সরকার (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, কলাগাছি গ্রামের একটি বসতবাড়ির পাশে মাটির ঘরের নিচে দীর্ঘদিন ধরে সীমানা পিলারটি সংরক্ষিত ছিল। সম্প্রতি সেটি বিক্রির চেষ্টা করা হচ্ছে—এমন তথ্য পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি শুরু করে।
পরে অভিযান চালিয়ে পিলারটি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ব্রিটিশ শাসনামলের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হতে পারে। তবে এর প্রকৃত ঐতিহাসিক গুরুত্ব ও উৎস সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেওয়া হতে পারে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পিলারটি কীভাবে সেখানে এলো এবং এটি বিক্রির কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের মধ্যেও ঘটনাটি ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ঐতিহাসিক মূল্য থাকতে পারে এমন একটি নিদর্শন উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে আলোচনা চলছে।
কসমিক ডেস্ক