হাইকোর্টের নির্দেশ অমান্য করে মার্কেট বন্ধ রাখার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
সোমবার (৪ মে) সকাল ১১টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট মসজিদ মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও সংগঠনের নেতারা অংশ নেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, ১৯৯৮ সাল থেকে দরপত্রের ভিত্তিতে দোকান বরাদ্দ নিয়ে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন। প্রায় ২৮ বছর ব্যবসার পর মাত্র তিন দিনের নোটিশে দোকান ছাড়তে বলা হয় এবং পরে রাতের অন্ধকারে দোকানগুলো তালাবদ্ধ করা হয়।
তাদের দাবি, ১০ মার্চ একটি চিঠির মাধ্যমে তিন দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে হাইকোর্টের স্থিতাবস্থার নির্দেশ থাকা সত্ত্বেও উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
ব্যবসায়ীরা আরও জানান, বিষয়টি তারা স্থানীয় জনপ্রতিনিধি ও কেন্দ্রীয় পর্যায়ের কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং অবিলম্বে মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখার নেতারা বলেন, চুক্তির শর্ত অনুযায়ী একতরফাভাবে দোকান উচ্ছেদ করা আইনসম্মত নয়।
মানববন্ধনে আরও বলা হয়, ভাড়াটিয়া উচ্ছেদের ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, যা আদালতের নির্দেশেরও পরিপন্থি।
এর আগে ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন ও আইনি পদক্ষেপ গ্রহণ করেন। আদালত বিভিন্ন সময়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও পরিস্থিতি নিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে।
ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমাধান না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।
কসমিক ডেস্ক