মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে ৯ সদস্যের কমিটি গঠন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে ৯ সদস্যের কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে ৯ সদস্যের কমিটি গঠন ছবির ক্যাপশন:

মেট্রোরেলের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং টেকসই পরিচালনা নিশ্চিত করতে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমটিসিএল জানায়, ২০২৫ সালের ২৬ অক্টোবর মেট্রোরেলের একটি দুর্ঘটনার পর উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সেফটি অডিট কমিটি গঠন করা হয়। ওই কমিটি তদন্ত ও কারিগরি পর্যালোচনা শেষে ‘Identification of Operational Risks, Safety Audit and Structural Integrity of the Constructed Corridor of MRT-6’ শীর্ষক প্রতিবেদন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে উচ্চ আদালতে জমা দেয়।

প্রতিবেদন পর্যালোচনার পর উচ্চ আদালত ডিএমটিসিএলকে মোট ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দেন। এর মধ্যে আটটি স্বল্পমেয়াদি, ১০টি মধ্যমেয়াদি এবং ১০টি দীর্ঘমেয়াদি সুপারিশ রয়েছে। এছাড়া ডিএমটিসিএলের চলমান ও ভবিষ্যতের সব এমআরটি প্রকল্পে বাস্তবায়নের জন্য আরও ছয়টি কৌশলগত সুপারিশ অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

এসব নির্দেশনা দ্রুত, কার্যকর ও সমন্বিতভাবে বাস্তবায়নের লক্ষ্যেই নতুন ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান দায়িত্ব হবে আদালতের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি তদারকি, সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় এবং নিয়মিত মূল্যায়ন করা।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন নিয়মিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং সংস্থার প্যানেল আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতে দাখিল করা হবে।

সংস্থাটি বলেছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষজ্ঞদের সুপারিশ এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর পরিচালনা ব্যবস্থা আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে তারা আশাবাদী।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জনগণের সেবা করতেই ইসলাম শিক্ষা দেয়: নরসিংদীতে মঈন খান

জনগণের সেবা করতেই ইসলাম শিক্ষা দেয়: নরসিংদীতে মঈন খান