তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় নুরুন্নাহার নিম্নির ছবির ক্যাপশন: মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি।

দুর্গম পার্বত্য পথ, বৈরী আবহাওয়া এবং মৃত্যুঝুঁকিপূর্ণ অভিযানের সব বাধা অতিক্রম করে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। এর মধ্য দিয়ে বাংলাদেশের তৃতীয় নারী হিসেবে এভারেস্ট জয়ের গৌরব অর্জন করলেন তিনি। দীর্ঘ ১৪ বছর পর আবারও কোনো বাংলাদেশি নারী এভারেস্টের চূড়ায় পৌঁছালেন।

বুধবার বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়ের খবর নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের চূড়ায় পৌঁছান। অভিযান ব্যবস্থাপনা সংস্থা 8K Expedition-এর পক্ষ থেকে অ্যাঙ তেম্বা শেরপা বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করেন নিম্নি। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। এরপর ধাপে ধাপে উচ্চতাজনিত পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন। গত ১৭ মে চূড়ান্ত সামিট অভিযানের জন্য বেজক্যাম্প ত্যাগ করেন তিনি। ২৩ মে ক্যাম্প–৪-এ পৌঁছে শিখরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হন।

পরে কয়েকদিন ক্যাম্প–২-এ অবস্থান করে অনুকূল আবহাওয়ার অপেক্ষা করেন নিম্নি। ২৫ মে নতুন করে সামিটের প্রস্তুতি নেন। পুনরায় ক্যাম্প–৪-এ পৌঁছে সেখান থেকে চূড়ান্ত আরোহণ শুরু করেন এবং শেষ পর্যন্ত সফলভাবে এভারেস্ট জয় করেন।

বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি–এর জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নুরুন্নাহার নিম্নির এই অভিযানের স্পনসরও ছিল প্রতিষ্ঠানটি। রংপুরে বেড়ে ওঠা নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনে পাহাড়ের প্রতি তার আগ্রহ তৈরি হয় এবং ধীরে ধীরে ট্রেকিং ও পর্বতারোহণের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েন।

এর আগে ২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট জয় করেছিলেন। এবার তাদের পর বাংলাদেশের নারী পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন নুরুন্নাহার নিম্নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সন্তান কেন দুনিয়া ও আখিরাতের সেরা নেয়ামত

সন্তান কেন দুনিয়া ও আখিরাতের সেরা নেয়ামত