বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মা-বোনদের বিভ্রান্ত করতে জামায়াত সারাদেশে জান্নাতের টিকেট বিক্রি করতে চায়, কিন্তু আল্লাহ শেষ বিচারের দিন পাপ-পূণ্য নিরূপণ করবেন। ধর্ম বা বর্ণের ভিত্তিতে বিভাজন নয়, বিএনপি চায় ঐক্যবদ্ধ বাংলাদেশ।
শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহ লিপিবদ্ধ করেছিলেন। বিএনপি চায় সকল ধর্ম-বর্ণের অধিকার নিশ্চিত করে শক্তিশালী ও ঐক্যবদ্ধ দেশ গড়ে তোলা।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, যারা স্বাধীনতা সংগ্রামকে বিশ্বাস করেন না, তারা নতুন করে ৭১ সালের ইতিহাস বিকৃত করছে এবং শহীদ জিয়ার পরিবর্তে কর্ণেল অলিকে সামনে নিয়ে মিথ্যাচার করছে। তিনি আরও বলেন, বিএনপির পরিকল্পনা অন্য দলের নেই; দেশের প্রত্যেক নাগরিক যাতে সুবিধা ভোগ করতে পারে, তার জন্য গণতান্ত্রিক সংস্কার করা হবে।
তিনি কক্সবাজারে গভীর সমুদ্র বন্দর, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনার কথা তুলে ধরেন। বঙ্গোপসাগরের খনিজ সম্পদ আহরণ এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখা সম্ভব হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, কক্সবাজারের খাস ও বনভূমির বসবাসকারীদের কোনো উচ্ছেদ হবে না। এছাড়া কক্সবাজার-৩ আসনের প্রার্থী লুৎফর রহমান কাজল বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া দল হিসেবে কক্সবাজারবাসী বিএনপিকে ভালোবাসে।
জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা নেতা আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, রফিকুল ইসলাম, অধ্যাপক আজিজুর রহমান, আবদুল মাবুদ, এস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম, অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, যুবদল নেতা অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, জিসান উদ্দিন ও সরওয়ার রোমন।
কসমিক ডেস্ক