ময়মনসিংহে স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ময়মনসিংহে স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
ময়মনসিংহে স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ ছবির ক্যাপশন:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী তরুণী তার মায়ের বাড়িতে স্বামী ও তিন বছর বয়সী সন্তানকে নিয়ে বসবাস করতেন। একই বাড়ির পৃথক কক্ষে মা এবং স্বামী-সন্তানসহ ওই তরুণী থাকতেন।

অভিযোগে বলা হয়েছে, গভীর রাতে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী দল ঘরে প্রবেশ করে। তারা প্রথমে তরুণীর স্বামীর হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তরুণীকেও জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।

পরিবারের দাবি, বাড়ি থেকে প্রায় ১৫০ মিটার দূরে নিয়ে গিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৭ জুন) ভুক্তভোগীর মা পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের সদস্যরা জানান, তারা বর্তমানে চরম মানসিক কষ্টের মধ্যে রয়েছেন এবং ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযুক্তদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পতেঙ্গায় ট্রলার থেকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ৯

পতেঙ্গায় ট্রলার থেকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ৯