নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো রোকসানা আক্তার (৯) এবং আফসানা আক্তার (৫)। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে। স্থানীয় একটি মাদরাসায় তারা পড়াশোনা করছিল বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বোন বর্তমানে নানার বাড়িতে বাবা-মায়ের সঙ্গে অবস্থান করছিল। মাদরাসা বন্ধ থাকায় সকালে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের একটি খামারের পুকুরে গোসল করতে যায়।
পুকুরে নামার পর প্রথমে ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে বড় বোন রোকসানা দ্রুত এগিয়ে যায়। কিন্তু একপর্যায়ে দুজনই পানির নিচে তলিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
পরবর্তীতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরে নামেন এবং এক পর্যায়ে এক বোনের মরদেহ উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে আরেক বোনের মরদেহও উদ্ধার করা হয়।
দ্রুত তাদের স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, শিশুদের নিরাপত্তা বিষয়ে পরিবারের আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল। বিশেষ করে গ্রামীণ এলাকায় পুকুর ও জলাশয়গুলোতে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। দুই নিষ্পাপ শিশুর এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
কসমিক ডেস্ক