সাতক্ষীরায় মানববন্ধন, বেতনা-মরিচ্চাপ নদী বাঁচাতে টিআরএমের দাবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাতক্ষীরায় মানববন্ধন, বেতনা-মরিচ্চাপ নদী বাঁচাতে টিআরএমের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
সাতক্ষীরায় মানববন্ধন, বেতনা-মরিচ্চাপ নদী বাঁচাতে টিআরএমের দাবি ছবির ক্যাপশন:

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দুই নদী বেতনা ও মরিচ্চাপ রক্ষায় দ্রুত টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বা জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শনিবার (১৪ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ দাবি জানানো হয়।

সাতক্ষীরা সদর উপজেলা যুব পানি কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, টিআরএম বাস্তবায়ন না হওয়ায় নদী খনন করা হলেও বেতনা ও মরিচ্চাপ নদী ধীরে ধীরে নাব্যতা হারিয়ে ফেলছে।

এর ফলে নদীগুলো প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গেছে বলে তারা উল্লেখ করেন।

বক্তাদের মতে, নদীগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা তৈরি হচ্ছে।

এই জলাবদ্ধতার কারণে কৃষি উৎপাদন, মৎস্য সম্পদ এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তারা উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য টেকসই নদী অববাহিকা ব্যবস্থাপনা (এসআরবিএম) বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ব্যবস্থাপনার অংশ হিসেবেই টিআরএম বা জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়ন করা প্রয়োজন বলে তারা মনে করেন।

তাদের মতে, টিআরএম কার্যকরভাবে বাস্তবায়ন করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে।

একই সঙ্গে নদীতে জমে থাকা পলি ব্যবস্থাপনাও সহজ হবে।

ফলে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা সমস্যার সমাধানেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা আশা প্রকাশ করেন।

মানববন্ধন থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকায় দ্রুত টিআরএম বাস্তবায়ন করা।

এছাড়া পোল্ডারের ভেতরে আবদ্ধ গুরুত্বপূর্ণ নদীগুলো উন্মুক্ত করে ইছামতি, মরিচ্চাপ ও বেতনা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করার দাবি জানানো হয়।

তৃতীয় দাবিতে বলা হয়, নদী ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সব কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলী।

এ সময় বক্তব্য দেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু এবং সদস্য আব্দুস ছামাদ।

সংহতি প্রকাশ করে বক্তব্য দেন শহর ছাত্রদলের সদস্যসচিব মো. শাহীন ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুর রহমান এবং সাতক্ষীরা যুব পানি কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল।

এছাড়া যুব পানি কমিটির সদস্য করিমন নেছা শান্তা ও হাবিবুর রহমান, প্রান্তিক যুব সংঘের ইমতি জামিল এবং বিডি ক্লিন সাতক্ষীরার উপসমন্বয়ক মো. ফাতিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার, ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম হোসেন, ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলাম এবং ট্রেজারার নাজমুল হাসান।

বক্তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হয়, তাহলে সাতক্ষীরা যুব পানি কমিটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা জানান, প্রয়োজনে পানি উন্নয়ন বোর্ড ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানজিদ হাসানের ঝোড়ো ইনিংসে ঢাকার বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়

তানজিদ হাসানের ঝোড়ো ইনিংসে ঢাকার বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়