পানির তোড়ে সড়ক খালে বিলীন, ৪ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ৫ গ্রামের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পানির তোড়ে সড়ক খালে বিলীন, ৪ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ৫ গ্রামের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
পানির তোড়ে সড়ক খালে বিলীন, ৪ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ৫ গ্রামের ছবির ক্যাপশন:

ভারী বৃষ্টি ও জোয়ারের পানির প্রবল স্রোতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমুয়া-মিরুখালী-সাফা বাজার সড়কের একটি অংশ ভেঙে খালের সঙ্গে মিশে গেছে। ফলে গত চার দিন ধরে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) টানা ভারী বৃষ্টি এবং সড়কসংলগ্ন খালের তীব্র পানির স্রোতের কারণে উপজেলার মিরুখালী কলেজের সামনে পাকা সড়কের অন্তত ১০ ফুট অংশ ধসে যায়। মুহূর্তেই সড়কটি খালের সঙ্গে একাকার হয়ে পড়লে দুই পাশের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ওয়াহেদাবাদ, মিরুখালী, ছোটহারজী, দাউদখালী ও চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দারা। প্রয়োজনীয় কাজ, চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে চরম সমস্যায় পড়েছেন তারা। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে যাতায়াত ব্যাহত হচ্ছে।

সড়কটি অচল হয়ে যাওয়ায় স্থানীয় ভ্যান ও অটোরিকশাচালকরাও বিপাকে পড়েছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় তাদের আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে। অনেক চালকই বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

স্থানীয় অটোরিকশাচালক মো. মহিব্বুল্লাহ বলেন, বর্ষাকালে এমনিতেই যাত্রী কম থাকে। তার ওপর সড়ক ভেঙে যাওয়ায় গত চার দিন ধরে কোনো আয়-রোজগার নেই, ফলে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রাসেল জানান, বর্ষা মৌসুমে পানির তীব্র চাপে প্রতিবছরই সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল করতে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পক্ষপাতমূলক নির্বাচন হলে অবস্থান স্পষ্ট করবে জামায়াত

পক্ষপাতমূলক নির্বাচন হলে অবস্থান স্পষ্ট করবে জামায়াত