এলজিইডি প্রকৌশলী ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এলজিইডি প্রকৌশলী ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
এলজিইডি প্রকৌশলী ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছবির ক্যাপশন:

পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক নির্বাহী প্রকৌশলী এবং তার পরিবারের সদস্যসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে এই মামলাগুলো দায়ের করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) পিরোজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

মামলা দায়েরের আগে এসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধান পরিচালনা করেন দুদকের পিরোজপুর কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম।

মামলার আসামিরা হলেন এলজিইডি পিরোজপুরের সাবেক প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদার, তার স্ত্রী রীনা পারভীন এবং দুই ছেলে এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাত ও এইচ এম ফজলে রাব্বি রিমন।

এছাড়া পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের দুই ভাই মো. সালাউদ্দিন এবং মো. শামসুদ্দিনকেও মামলার আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, এলজিইডির বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ আব্দুস সাত্তার তার স্ত্রী ও ছেলেদের নামে বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পদে বিনিয়োগ করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তাদের নামে প্রায় ৭ কোটি ৬১ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদকের তদন্তে উঠে এসেছে, আব্দুস সাত্তারের গৃহিণী স্ত্রী রীনা পারভীনের নামে প্রায় ৫ কোটি ৩৪ লাখ টাকার অবৈধ সম্পদ রয়েছে।

তার নামে পটুয়াখালী পৌরসভার আরামবাগ এলাকায় একটি তিনতলা ভবন রয়েছে।

এছাড়া ঢাকার পান্থপথ এলাকায় একটি ফ্ল্যাট এবং রাজধানীর আগারগাঁও এলাকায় একাধিক ফ্ল্যাটে বিনিয়োগের তথ্য পাওয়া গেছে।

তবে তার কোনো বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক।

অন্য একটি মামলায় আব্দুস সাত্তার ও তার দুই ছেলের বিরুদ্ধে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, এলজিইডির বিভিন্ন প্রকল্পে কাজ না করেই সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং সেই অর্থ ব্যাংকের বিভিন্ন শাখায় জমা ও স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করা হয়েছে।

এই প্রক্রিয়ায় নিজের দুই ছেলেকেও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের দুই ভাইয়ের বিরুদ্ধেও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, সালাউদ্দিনের নামে প্রায় ২৩ কোটি ৬০ লাখ টাকা এবং শামসুদ্দিনের নামে প্রায় ২১ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সেই অর্থ হস্তান্তর ও রূপান্তরের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

এদিকে দুদকের আবেদনের ভিত্তিতে পিরোজপুরের সিনিয়র স্পেশাল জজ আদালত ইতোমধ্যে আসামিদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন।

দুদক সূত্র জানিয়েছে, মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তে আরও নতুন তথ্য সামনে আসতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল