একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রকল্প The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রকল্প

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল প্রকল্প ছবির ক্যাপশন:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল (সিইআইজেড) প্রকল্প অবশেষে বাস্তবায়নের পথে এগোলো। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ১৮৯ কোটি টাকা ব্যয়ের এই বৃহৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়, যা প্রায় এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে আনোয়ারা ও কর্ণফুলীসহ দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। শিল্পায়ন, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় এক লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বস্ত্র, ওষুধ, লাইট ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য উৎপাদনমুখী খাতে চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, এই প্রকল্পের অনুমোদন দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এবং আবাসন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে অবকাঠামো নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০৩১ সালের ডিসেম্বর নাগাদ কাজ শেষ হবে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে দেশীয় উৎস থেকে ১ হাজার ৭২২ কোটি টাকা এবং বিদেশি ঋণ থেকে ২ হাজার ৪৬৭ কোটি টাকা পাওয়া যাবে।

চীনের সঙ্গে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে, যখন চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ২০১৬ সালে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলেও বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতায় প্রকল্পটি দীর্ঘদিন অগ্রগতি পায়নি।

পরবর্তীতে ডেভেলপার নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আসে। শুরুতে একটি চীনা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা থাকলেও চুক্তি চূড়ান্ত না হওয়ায় কাজ এগোয়নি। পরে ২০২২ সালে চীন সরকারের মনোনয়নে নতুন ডেভেলপার হিসেবে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বেজা সূত্রে জানা গেছে, দুই দেশের সরকার-টু-সরকার (জিটুজি) সহযোগিতার ভিত্তিতে আনোয়ারায় প্রায় ৮০০ একর জমির ওপর এই শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। কর্ণফুলী টানেল, চট্টগ্রাম সমুদ্রবন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এর নিকটবর্তী হওয়ায় অঞ্চলটির অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

প্রকল্পের আওতায় জেটি লিংক রোড, সেতু, চার লেনের সড়ক, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, বহুমুখী জেটি, গ্যাস সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ উপকেন্দ্র, সঞ্চালন লাইন, জলাধার এবং দীর্ঘ সীমানা প্রাচীরসহ বিভিন্ন আধুনিক অবকাঠামো নির্মাণ করা হবে। এসব সুবিধা শিল্প বিনিয়োগকারীদের জন্য একটি সমন্বিত ও আধুনিক শিল্প পরিবেশ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আগামীকাল পবিত্র শব-ই-বরাত: বিদআত পরিহার করে সুন্নাহর পথে ফের

আগামীকাল পবিত্র শব-ই-বরাত: বিদআত পরিহার করে সুন্নাহর পথে ফের