ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরিফ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা ছিলেন এবং গত ২৭ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টা পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৪৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন।
চলতি মৌসুমে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৪৫৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় পৃথক আইসোলেশন ওয়ার্ড, প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসাসেবা নিশ্চিত রাখা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে।
কসমিক ডেস্ক