জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট বিভাগে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। কমিশনার থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৮২৪টি পদে বদলি ও পদায়ন কার্যকর হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, গত ৩ ও ৫ ফেব্রুয়ারি জারি করা পৃথক অফিস আদেশের মাধ্যমে এই রদবদল বাস্তবায়ন করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন কমিশনার, চারজন যুগ্ম কমিশনার, পাঁচজন অতিরিক্ত কমিশনার, আটজন উপ-কমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার। পাশাপাশি ১০৫ জন রাজস্ব কর্মকর্তা, ৩২০ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং ৩৬৬ জন কর্মচারীকেও বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে। এনবিআরের ইতিহাসে এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রশাসনিক রদবদল হিসেবে দেখা হচ্ছে।
এনবিআর সূত্র জানিয়েছে, বদলি হওয়া তিন কমিশনার হলেন আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) এবং মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)। এছাড়া চার যুগ্ম কমিশনার হলেন মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা।
অতিরিক্ত কমিশনার পদে বদলি হয়েছেন পাঁচজন কর্মকর্তা। তারা হলেন কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া। উপ-কমিশনার পদে বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান এবং আলী রেজা হায়দার।
সহকারী কমিশনার পদে বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।
অফিস আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল ও যশোরের কাস্টমস ও এক্সাইজ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। ফলে এসব দপ্তরের প্রশাসনিক কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনবিআরের কাস্টমস ও ভ্যাট বিভাগে এই বড় ধরনের রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ রাজস্ব আদায়, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং শুল্ক ব্যবস্থাপনায় কাস্টমস বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে এসব দপ্তরের দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার এই রদবদলকে গুরুত্ব দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কসমিক ডেস্ক