যমুনা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছোড়েনি : সরকার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

যমুনা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছোড়েনি : সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
যমুনা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছোড়েনি : সরকার ছবির ক্যাপশন:

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর উঠে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এ সময় কোনো ধরনের গুলি ছোড়া হয়নি বলে সরকার স্পষ্টভাবে জানিয়েছে।

জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এই প্রেক্ষাপটে পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনানুগ প্রক্রিয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকদের বরাতে সরকার জানায়, এ ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ মোট ২৩ জন চিকিৎসা গ্রহণ করেছেন। তবে আহতদের কারও শরীরে গুলির আঘাত পাওয়া যায়নি বলে কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

সরকার পুনর্ব্যক্ত করেছে যে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে তারা বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং এ বিষয়ে নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

বিভিন্ন মাধ্যমে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তা সঠিক নয় বলেও বিবৃতিতে দাবি করা হয়।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল সময়ে সরকার সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে। সরকার বলছে, একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ স্থিতিশীলতার স্বার্থে এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
গভীর রাতে সার্কিট হাউসে মন্ত্রীকে শুভেচ্ছা জানালেন আ.লীগের ২

গভীর রাতে সার্কিট হাউসে মন্ত্রীকে শুভেচ্ছা জানালেন আ.লীগের ২