টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আয়োজক হওয়ায় ভক্তদের মধ্যে হতাশা ও সমালোচনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শানাকা লিখেছেন, “আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই বিশ্বকাপ আমাদের প্রত্যাশামতো শেষ হয়নি। টুর্নামেন্ট শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে হারের মতো চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছিল। তবুও আয়োজক দেশ হিসেবে আমরা দৃঢ় পরিকল্পনা ও আত্মবিশ্বাস নিয়ে অংশ নিয়েছিলাম। আমি বিশ্বাস করেছিলাম, আমরা পরিস্থিতি বদলে সামনে এগিয়ে যেতে পারব।”
ভক্তদের আস্থা রাখার আহ্বান জানিয়েছেন শানাকা। তিনি বলেছেন, “আপনাদের মনে আমার ও দলের প্রতি যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা আমি বুঝি। বিনয়ের সঙ্গে অনুরোধ করছি—শ্রীলঙ্কার ক্রিকেট ও খেলোয়াড়দের প্রতি আস্থা হারাবেন না, যারা আমাদের ক্রিকেটের ঐতিহ্য এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অধিনায়ক ভক্তদের সমালোচনাও স্বাভাবিকভাবে নিচ্ছেন। তিনি লিখেছেন, “যখন কোটি কোটি মানুষ বিজয়ের স্বপ্ন দেখে, তখন পরাজয় মেনে নেওয়া সহজ নয়। এই মুহূর্তে যে সমালোচনা হচ্ছে, আমি তা বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। দেশের জন্য সর্বোচ্চটা দেওয়াই আমার উদ্দেশ্য। যে বিজয় দিতে পারিনি, তার জন্য ক্ষমাপ্রার্থী। প্রতিদিন আমাদের দলের পাশে থাকার জন্য সকল শ্রীলঙ্কানকে ধন্যবাদ।”
শানাকার এই বার্তা ভক্তদেরকে শান্ত রাখার পাশাপাশি দলের প্রতি আস্থা বজায় রাখতে প্রেরণা জোগাচ্ছে।
কসমিক ডেস্ক