গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে টঙ্গীর মাছিমপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ জুলাই) গ্রেপ্তার হওয়া নারীকে আদালতে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম (২২)। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার টগারচর গ্রামের আফছার আলীর ছেলে। জীবিকার তাগিদে তিনি অটোরিকশা চালাতেন। গ্রেপ্তার হওয়া পিপাশা আক্তার একই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পিপাশা আক্তারকে প্রথম স্বামীর সংসার থেকে নিয়ে এসে আবুল কালাম বিয়ে করেন। প্রায় এক মাস আগে জীবিকার সন্ধানে তারা গাজীপুরের টঙ্গীতে আসেন এবং টঙ্গী পশ্চিম থানার কলাবাগান বস্তিতে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
সোমবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পর দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে সেই বিরোধের জেরে পিপাশা আক্তার ওড়না দিয়ে আবুল কালামের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত নারীকে আটক করে পুলিশে খবর দেন। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে ঘটনার বিস্তারিত কারণ ও অন্যান্য দিক যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক