পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নির্ধারিত সময়ের আগেই নগরীর ৩০টি ওয়ার্ড থেকে বর্জ্য অপসারণ সম্পন্ন হওয়ায় নগরবাসীর প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
ঈদের দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিতে মাঠে নামেন রাসিক প্রশাসক। পূর্বঘোষণা অনুযায়ী ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে রাজশাহী নগরী পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সিটি করপোরেশন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। এ সময় ১ হাজার ২৭০ জন পরিচ্ছন্নকর্মী নিরলসভাবে কাজ করেন। রাসিক প্রশাসকের তদারকিতে নগরীর বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি নগরীর ৯ নম্বর ওয়ার্ডসহ বুলনপুর এসটিএস, রুয়েট সংলগ্ন এসটিএস এবং রাবি এসটিএস এলাকা পরিদর্শন করেন।
কোরবানির বর্জ্য অপসারণের পাশাপাশি দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে পর্যাপ্ত ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জাম ও জনবল সার্বক্ষণিকভাবে নিয়োজিত ছিল। দুপুর ১২টা থেকে রাত ৮টার মধ্যেই নগরীর পাড়া-মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে স্থানান্তর করা হয়। পরে এসব বর্জ্য ভাগাড়ে নেওয়ার কার্যক্রমও শুরু হয়।
এ সফলতা অর্জনে নগরবাসী, পরিচ্ছন্নকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, নাগরিকদের সহযোগিতা ও পরিচ্ছন্নকর্মীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই নির্ধারিত সময়ের আগেই নগরী পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, প্রথমবারের মতো রাসিকের উদ্যোগে নগরীর প্রায় ৮২ হাজার মুসলিম পরিবারকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়, যা স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কসমিক ডেস্ক