মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৩৫টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতের দিকে গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াকুব মণ্ডল ও মাহমুদুল হাসান টিটোর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
রবিবার বিকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার সময় চাকদাহ ব্রিজের কাছে ইয়াকুব মণ্ডলের সমর্থক মাহমুদুল হাসান টিটোর সমর্থক রাকিব শেখকে মারার জন্য ধাওয়া করে। রাত ৮টার দিকে হাফিজার, আমিন উদ্দিন, পাঞ্জাব আলীসহ অন্তত ২০ জনের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। হামলায় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হামিদা বেগম (২৫) ও সুমি বেগম (৩৫) মারাত্মক আহত হন এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পাল্টা হামলায় মাহমুদুল হাসান টিটোর সমর্থকরা ইয়াকুব মণ্ডলের সমর্থক মিজানুর রহমান, হাসেম, তারিকুল, শামসুসহ অন্তত ১৫ জনের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
ভাঙচুরের শিকার ওমর আলী বলেন, “ইয়াকুব মণ্ডলের সমর্থকরা ২'শ থেকে ৩'শ লোক নিয়ে আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। আমার বেটার বউকে মেরে দুই পা ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।”
ইয়াকুব মণ্ডলের সমর্থক শরিফুল শেখের স্ত্রী সালমা বেগম বলেন, “বাজারে কারা দাবাড়াইছে শুনে দেখি সবাই ঢাল, সর্কি গোছাচ্ছে। পরে আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। আমরা বিচার চাই।”
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১০ জনকে আটক করা হয়েছে এবং বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে।
কসমিক ডেস্ক