বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2026 ইং
বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু ছবির ক্যাপশন:

টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবান ও কক্সবাজারে পৃথক পাহাড়ধসের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য এবং দুই শিশুও রয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে বান্দরবানের লামা উপজেলা ও কক্সবাজারের চকরিয়া উপজেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় পাহাড়ধসে পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা হলেন মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২), তাদের চার বছর বয়সী ছেলে মো. সোলেমান, চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা মো. জুয়েল (৩৪) এবং তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)। স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ জানান, নিহত পাঁচজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহছেনিয়া কাটাপাহাড়ি গ্রামে পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামে মৌসুমের অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে এসব এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে।

বৈরী আবহাওয়ার কারণে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাতেও প্রভাব পড়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ রয়েছে।

প্রশাসন পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। উদ্ধারকারী সংস্থা ও স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খামেনির প্রত্যেক উত্তরসূরিকে টার্গেট করা হবে: ইসরাইল

খামেনির প্রত্যেক উত্তরসূরিকে টার্গেট করা হবে: ইসরাইল