ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যানের ওপর হামলা চেষ্টা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যানের ওপর হামলা চেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 ইং
ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যানের ওপর হামলা চেষ্টা ছবির ক্যাপশন:

ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটকেন্দ্রে হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। একই দিনে ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় কেন্দ্রে তার প্রধান নির্বাচনী এজেন্ট আনম আব্দুর রহিমের ওপরও হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এবি পার্টি অভিযোগ করেছে, এই সহিংসতার পেছনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দায় রয়েছে।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মজিবুর রহমান মঞ্জু শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় আব্দুল হান্নান ও শহীদের নেতৃত্বে একদল ব্যক্তি তাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করতে থাকে। এরপর তারা মারমুখী হয়ে মঞ্জুর দিকে এগোতে থাকেন। এ সময় কেন্দ্রে উপস্থিত ‘ঈগল’ প্রতীকের সমর্থকরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে রক্ষা করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় তালহা নামে একজন সমর্থক মারধরের শিকার হন।

পৃথক ঘটনায় ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় কেন্দ্রে মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্ট আনম আব্দুর রহিমের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা ‘জামাই কামরুল’-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালিয়েছে। আনম আব্দুর রহিম আহত হয়েছেন এবং তার গাড়িটি দুমড়েমুচড়ে দেওয়া হয়েছে।

এছাড়া পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহিগঞ্জ, শর্শদী ও ফরহাদনগর ইউনিয়নে জামায়াত-এবি পার্টির বেশ কয়েকজন সমর্থকের ওপর হামলার খবর পাওয়া গেছে।

মজিবুর রহমান মঞ্জু ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, “বিএনপি পরাজয়ের আশঙ্কায় অসহিষ্ণু হয়ে উঠছে। সকাল থেকেই আমাদের এজেন্টদের বের করা হচ্ছে এবং কর্মীদের ওপর হামলার চেষ্টা চালানো হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”

ফেনী জেলার বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল গণমাধ্যমকে জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং খোঁজ-খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, “ভোটগ্রহণ শুরুর পর যত অভিযোগ পেয়েছি সব জায়গায় মোবাইল টিম পাঠানো হয়েছে। তবে কোথাও ভোটগ্রহণে বড় ধরনের সমস্যা হয়নি। মঞ্জুর প্রধান এজেন্টের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করেছে। তারা নিশ্চিত করেছেন, কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে এবং নির্বাচনী সহিংসতা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ফেনীতে এই ঘটনা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বকে সামনে এনেছে। এবি পার্টি এবং অন্যান্য পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে শান্তি বজায় রাখার জন্য নজরদারি চালাচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জরিপে ৪৩% মার্কিন নাগরিক ইরানে সামরিক হামলার বিরোধী

জরিপে ৪৩% মার্কিন নাগরিক ইরানে সামরিক হামলার বিরোধী