শরীয়তপুরের নড়িয়ায় ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও কাগজপত্রসহ গোলাম মোস্তফা নামের একজন শিক্ষককে আটক করেছে যৌথবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নড়িয়া পৌর এলাকার বৈশাখীপাড়া থেকে তাকে আটক করা হয়। গোলাম মোস্তফা শহিদ সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জলিল মাস্টারের বাড়িতে কয়েকজন টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেছেন এমন সংবাদের ভিত্তিতে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাসের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা দেওয়া হয়। বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে একটি ব্যাগে নগদ টাকা পাওয়া যায়। পরে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসে যাচাই-বাছাই করেন এবং একজনকে সাজা দেন।
কসমিক ডেস্ক