বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেকের বসতঘরে আগুন লাগলে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে হঠাৎ বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল বের করার সুযোগ পাননি। আগুনের তীব্রতা বাড়তে থাকলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে বেতাগী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে একমাত্র বসতঘরটি পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের মতে, পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এ বিষয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল খালেক জানান, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বেতাগী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল লতিফ বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কসমিক ডেস্ক