দীর্ঘ প্রেমের পর বিয়ের বন্ধনে ডুয়া লিপা ও ক্যালাম টার্নার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দীর্ঘ প্রেমের পর বিয়ের বন্ধনে ডুয়া লিপা ও ক্যালাম টার্নার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
দীর্ঘ প্রেমের পর বিয়ের বন্ধনে ডুয়া লিপা ও ক্যালাম টার্নার ছবির ক্যাপশন:

দীর্ঘদিনের প্রেম, গুঞ্জন ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা ডুয়া লিপা ও ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নার। ভক্তদের চোখ এড়িয়ে একেবারে ঘরোয়া আয়োজনে লন্ডনে সম্পন্ন হয়েছে তাদের বিয়ে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আয়োজিত এই অনুষ্ঠানে শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিনোদন অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বিশেষ দিনে ডুয়া লিপার পরনে ছিল ড্যানিয়েল রোজবেরির নকশা করা শিয়াপারেলি স্যুট ড্রেস। পোশাকের সঙ্গে তিনি ম্যাচিং গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবোটিনের জুতা এবং স্টিফেন জোন্সের তৈরি বড় সাদা হ্যাট পরেছিলেন। অন্যদিকে ক্যালাম টার্নারকে দেখা গেছে নেভি ব্লু স্যুট ও টাইয়ে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতিকে একসঙ্গে হাত ধরে হাঁটতেও দেখা যায়। তবে এ বিষয়ে এখনো ডুয়া লিপা বা ক্যালাম টার্নারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলদ্য সান বিয়ের কিছু বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করার পর বিষয়টি জনসমক্ষে আসে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শুভেচ্ছা জানাতে শুরু করেন।

এর আগে ২০২৫ সালের জুন মাসে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালাম টার্নারের সঙ্গে নিজের বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন ডুয়া লিপা। সে সময় তিনি জানিয়েছিলেন, বিশ্ব সফর শেষ করার পর বিয়ের পরিকল্পনা রয়েছে।

তবে পেশাগত ব্যস্ততা এবং ব্যক্তিগত জীবনের বিশেষ সময়টিকে নিজেদের মতো করে উপভোগ করার জন্য তারা বিয়ের বিষয়ে তাড়াহুড়া করতে চাননি বলেও জানা যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসে লন্ডনে ‘মাস্টার্স অব দ্য এয়ার’ সিরিজের আফটার পার্টিতে প্রথম একসঙ্গে দেখা যায় ডুয়া লিপা ও ক্যালাম টার্নারকে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। একই বছরের জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন এই তারকা জুটি।

বর্তমানে বিয়ের এই সুখবর ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে এবং নতুন জীবনের জন্য শুভকামনা জানাচ্ছেন অনুরাগীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
লোহিত সাগরে নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত ইরানের

লোহিত সাগরে নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত ইরানের