বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা শাখার সাতজন নেতাকর্মী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার উপস্থিতিতে নতুন সদস্যদের ছাত্রদলে অন্তর্ভুক্ত করা হয়। যোগদানকারী নেতাকর্মীরা হলেন মো. সাব্বির, মো. আল-আমিন, মো. রায়হান, মো. আকাশ, তুহিন, তানজিল হোসেন ও মো. সিয়াম। তারা সবাই রায়পুর পৌরসভার বাসিন্দা বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল করতে তরুণদের এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবাগত কর্মীরা আগামীর রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করবেন।
নবাগত নেতাকর্মীরাও ছাত্রদলের ব্যানারে থেকে ভবিষ্যতের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, ঢাকার বিএনপি নেতা হারুনুর রশীদ হিরু, রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি এবিএম জিলানি, জেলা জজ আদালতের পিপি মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভুঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কসমিক ডেস্ক