বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াত আমির ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠকে তাদের শপথ অনুষ্ঠিত হয়।
জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণ স্বশরীরে উপস্থিত ছিলেন, এবং কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।
২০২৬-২০২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। এছাড়া ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের প্রধান হলেন মাওলানা এটিএম মা'ছুম।
দেশব্যাপী ১৪টি অঞ্চলে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়েছে। উল্লেখযোগ্য অঞ্চল ও পরিচালকগণ: রংপুর-দিনাজপুর—মাওলানা আবদুল হালিম, বগুড়া—এটিএম আজহারুল ইসলাম এমপি, রাজশাহী—মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, খুলনা—অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, ঢাকা মহানগরী—মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), চট্টগ্রাম—মাওলানা মুহাম্মাদ শাহজাহান।
নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদ ও কর্মপরিষদ গঠন জামায়াতে ইসলামীকে জাতীয় পর্যায়ে সংগঠিত ও কার্যকরী রাখার লক্ষ্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
কসমিক ডেস্ক