চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টা ৪০ মিনিটে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল কালুপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা। পরে উদ্ধার করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবি জানিয়েছে, চলতি আগস্ট মাসে সীমান্তের বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় ৩৬৭ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি