মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নূর তালুকদার। ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বড়লেখা পৌরশহরের একটি রেস্টুরেন্টে দুই প্রার্থীর মধ্যে সমঝোতা সম্পন্ন হয়।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক নূর তালুকদার ঘোষণা দেন, ধানের শীষকে বিজয়ী করতে তার দলের কর্মী-সমর্থকরা নাসির উদ্দিন আহমেদ ও তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটারদের সমর্থন আদায়ে মাঠে থাকবে।
তিনি জানান, নতুন দলের তরুণ সংসদ সদস্য প্রার্থী হিসেবে নাসির উদ্দিন দিনরাত কাজ করে যাচ্ছেন। ট্রাক প্রতীকের গণসংযোগ ও প্রচারণা করতে গিয়ে তিনি দেখেছেন, মানুষ পরিবর্তনের ডাককে সাড়া দিচ্ছে। আগামী বাংলাদেশের গঠন ও সংস্কার কার্যক্রমগুলো বিএনপি ও গণঅধিকার পরিষদের লক্ষ্য এক ও অভিন্ন।
নূর তালুকদার বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে বিএনপির আগে থেকেই সমঝোতা রয়েছে। তা অনুসরণ করে এবং সম্মান জানিয়ে তিনি বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সমর্থন ঘোষণা করছেন। তবে ধানের শীষের বিজয়ের পরে নাসির উদ্দিন আহমেদ যেন নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেন।
নাসির উদ্দিন আহমেদ জানান, নূর তালুকদারের বিএনপির প্রতি এই সমর্থনের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সব নির্বাচনি কর্মকাণ্ডে নূর তালুকদারকে সম্পৃক্ত রাখা হবে এবং আগামীর বড়লেখা ও জুড়ী উপজেলার উন্নয়নে অংশীদারিত্ব দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন- বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, প্রবাসী বিএনপি নেতা আব্দুস সহিদ, মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি বদরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ সুমন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বড়লেখা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য রায়হান আহমদ প্রমুখ।
কসমিক ডেস্ক