পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে নাঈম হাওলাদার নামে এক নিষিদ্ধ ছাত্রলীগকর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটক নাঈম ওই এলাকার মো. রফিক মিয়ার ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য। তবে তার বিরুদ্ধে আনা চুরির অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়িতে সুপারিগাছ দিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন নাঈম। এ সময় বাড়ির বাসিন্দা নাজমা আক্তার তাকে দেখতে পান। পরে তিনি বিষয়টি স্বজনদের জানানোর চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, বিষয়টি টের পেয়ে নাঈম ২ থেকে ৩ জনকে ছুরিকাঘাত করেন। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাঈমকে হেফাজতে নেয়। পরে তার বাবা রফিক মিয়াকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনায় জড়িত নাঈম ও তার বাবা রফিককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। চুরির চেষ্টা, ছুরিকাঘাত এবং স্থানীয়দের গণপিটুনির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কসমিক ডেস্ক