ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, রডবোঝাই একটি ট্রাকে করে কয়েকজন যাত্রী উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের সঙ্গে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন।
উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। পুলিশের প্রাথমিক ধারণা, ট্রাকচালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কসমিক ডেস্ক