নাচোলে বর্ষাকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে নাচোল রেল স্টেশন ফুটবল ক্লাবের আয়োজনে ‘বর্ষাকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মো. মনিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং তারা সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে। শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে তিনি বলেন, “খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভালো থাকে ঠিকই, তবে শিক্ষার্থীদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করা। শিক্ষার আলোতেই এক একটি সুনাগরিক গড়ে ওঠে।”তিনি পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় আয়োজক, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি