স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে ইয়াবা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার মিরপুর-১ এলাকার উর্মি আকতার উষা (১৯)।
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছিল। অভিযানে ব্যবহৃত গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। তবে স্টিকারটি বৈধ ছিল কি না বা কীভাবে ব্যবহার করা হয়েছে, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কসমিক ডেস্ক