জিপিএ ৫ প্রাপ্তিতে চার বছরের টানা নিম্নমুখী ধারা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জিপিএ ৫ প্রাপ্তিতে চার বছরের টানা নিম্নমুখী ধারা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
জিপিএ ৫ প্রাপ্তিতে চার বছরের টানা নিম্নমুখী ধারা ছবির ক্যাপশন:

২০০১ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালুর পর থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দীর্ঘ সময় ধরে বেড়েছে। তবে ২০২২ সালে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড হওয়ার পর সেই ধারায় বড় পরিবর্তন এসেছে। গত চার বছর ধরে ধারাবাহিকভাবে কমেছে সর্বোচ্চ গ্রেড জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। চলতি বছর তা নেমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে।

দেশের গণমাধ্যমে প্রকাশিত গত ২৫ বছরের এসএসসি ফলাফলের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০০১ সালে গ্রেডিং পদ্ধতি চালুর প্রথম বছর মাত্র ৭৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল। পরের দুই বছরে এই সংখ্যা বেড়ে ২০০২ সালে ৩৩০ এবং ২০০৩ সালে ১ হাজার ৩৯২ জনে দাঁড়ায়।

২০০৪ সাল থেকে জিপিএ ৫ পাওয়ার সংখ্যা দ্রুত বাড়তে থাকে। ওই বছর ৮ হাজার ৫৯৭ জন সর্বোচ্চ গ্রেড অর্জন করে। ২০০৫ সালে এ সংখ্যা ১৭ হাজার ৬৩১ এবং ২০০৬ সালে ২৪ হাজার ৩৮৪ জনে পৌঁছে। পরবর্তী বছরগুলোতেও এই প্রবৃদ্ধি অব্যাহত থাকে।

২০১৪ সালে প্রথমবারের মতো জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা লাখ ছাড়িয়ে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জনে পৌঁছায়। এরপর কয়েক বছর ওঠানামার মধ্য দিয়ে সংখ্যা প্রায় লাখের আশপাশে ছিল।

করোনাকালে ফলাফলের চিত্রে বড় পরিবর্তন আসে। ২০২১ সালে পরীক্ষা ছাড়াই অটোপাসের ফলে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জনে দাঁড়ায়। এর পরের বছর ২০২২ সালে স্বাভাবিক পরীক্ষায় নতুন রেকর্ড হয়। ওই বছর ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পায়, যা ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

তবে ২০২২ সালের পর থেকেই শুরু হয় ধারাবাহিক পতন। ২০২৩ সালে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জনে এবং ২০২৪ সালে ১ লাখ ৮২ হাজার ১২৯ জনে নেমে আসে। ২০২৫ সালে তা আরও কমে ১ লাখ ৩৯ হাজার ৩২ জনে দাঁড়ায়। চলতি বছর এই সংখ্যা আরও কমে হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মনিনুর রশিদের মতে, অতীতে রাজনৈতিক বিবেচনায় পাসের হার ও জিপিএ ৫ বাড়িয়ে দেখানোর প্রবণতা ছিল। বর্তমানে মূল্যায়ন পদ্ধতিতে ওভার মার্কিং ও আন্ডার মার্কিংয়ের ভারসাম্য আনার চেষ্টা চলছে। তাঁর ধারণা, ভবিষ্যতে পাসের হার আরও কমতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে মামলা খারিজ

ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে মামলা খারিজ